২১ দেশের ৫৯ চিত্রগ্রাহকের ক্যামেরায় নির্মিত হলো লকডাউন ফিল্ম

আপডেট : ২৮ মে ২০২০, ১০:৪০ পিএম

চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান-এর লকডাউন ফিল্ম ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’ অনলাইনে মুক্তি পাচ্ছে ২৯ মে, শুক্রবার। রাত ১০টায় ছবিটি একযোগে পরিচালকের ইউটিউব চ্যানেল www.youtube.com/c/RakibulHasan এবং ফিল্ম উইদাউট ফিল্ম-এর ফেসবুক পেজ- www.facebook.com/filmwithoutfilm/-এ আপলোড করা হবে। সকল দর্শক বিনামূল্যে ছবিটি দেখতে পাবেন।

লকডাউনের কারণে ২০২০-এর শুরু থেকেই বিশ্বব্যাপী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। হঠাৎ সকলের দেখার পরিধি সীমাবদ্ধ হয়ে গেছে। জানালা দিয়ে যতটুকু দেখা যায় তাই হয়ে উঠেছে আমাদের পৃথিবী। এই থিমের ওপর ভিত্তি করে চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান নির্মাণ করেছেন ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’। এ বছরের এপ্রিল থেকে ছবিটির নির্মাণ শুরু হয়েছে। ছবিটির জন্য চিত্রগ্রহণ করেছেন আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, ইরান, চীন,বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, গ্রিস, নেপাল, সৌদি আরব, চেক রিপাবলিক, লাটভিয়া এবং বাংলাদেশের ৫৯ জন পেশাদার এবং শৌখিন চিত্রগ্রাহক। তারা সবাই করোনাভাইরাসের শিকার হয়ে শীর্ষের দিকে থাকা ২১টি দেশের নাগরিক এবং সবাই লকডাউনের কারণে গৃহবন্দী। তাদের ক্যামেরার ভাষায় ফুটে উঠেছে বাইরের জগৎটাকে দেখার ব্যাকুলতা, অস্থিরতা এবং তাদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি।

‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’ এর পরিচালক রাকিবুল হাসান ইতিপূর্বে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-ডকুমেন্টারি-টিভি প্রোডাকশন নির্মাণ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ফিল্ম এন্ড টেলিভিশন’ বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর সাধারণ সম্পাদক।

বাংলা ভাষায় নির্মিত ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’-এ ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। ছবিটির দৈর্ঘ্য ১১ মিনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত