জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার টর্নেডো দুর্গত মানুষের সহায়তায় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার এক বছরের সরকারী বেতন-ভাতার অর্থ দান করেছেন।
বৃহস্পতিবার হুইপ আবু সাঈদ আল মাহমুদ সারাদিন কালাই ও ক্ষেতলাল উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এছাড়া, বিকেলে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক, দুই উপজেলার চেয়ারম্যান, ইউএনও, মেয়র, ক্ষতিগ্রস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে তিনি এক প্রস্তুতি সভা করেন।
জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ বিভিন্ন এলাকার বাড়িঘর, চালকল, পোলট্রি ফার্ম, দোকানপাট, স্কুল, মাদ্রাসা ও ধানের ব্যাপক ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন এবং ক্ষতিগ্রস্ত জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য নানামুখী পরামর্শ দেন।
হুইপ স্বপন তাৎক্ষণিকভাবে সরকারী সহায়তার পাশাপাশি নগদ অর্থ বিতরণের জন্য তার এক বছরের সরকারী বেতন-ভাতার অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য প্রদান করেন। তিনি ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল ও ইউএনও আরাফাত রহমানের হাতে ৬ লাখ এবং কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও ইউএনও মোবারক হোসেনের হাতে ৪ লাখ টাকা তুলে দেন। ইতিপূর্বে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে গত ২৬ মে ক্ষেতলাল উপজেলা পরিষদকে ৪ লাখ টাকা প্রদান করেন হুইপ।
এছাড়া, এদিন ক্ষেতলালের খলিশাগাড়ি গ্রামে টর্নেডোতে নিহত পরিবারের হাতে ১ লাখ টাকা তুলে দেন হুইপ। এসময় ক্ষেতলালের উপজেলা চেয়ারম্যান, ইউএনও ছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা ও মেয়র সিরাজুল ইসলাম বুলু উপস্থিত ছিলেন।
ক্ষেতলাল ও কালাইয়ের বিভিন্ন অংশে গত রবি ও বুধবার দুই দফায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
