নারায়ণগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত মদপানে শাওন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার বাগমোচরা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই যুবকের দুই বন্ধু এমরান ও ইমরান অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
মৃত শাওন উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার বাগমোচরা এলাকার জেদ্দাল মিয়ার ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ঈদ উপলক্ষে গত ২৬ মে রাতে শাওন, তার বন্ধু এমরান ও ইমরান মিলে একই এলাকার শাহীন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে বিদেশি মদ কিনে পরিবারের লোকদের চোখ ফাঁকি দিয়ে ঘরে বসেই মদ পান করেন।
পরে বিকেলের দিকে ওই তিন যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের মাতুয়াইলের বেসরকারি হাসাপাতালে নিয়ে ভর্তি করান।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। পরে সকালে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসেন।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ভুলতা ফাড়ির পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওই যুবকের এমরান ও ইমরান নামে আরো দুই বন্ধু অসুস্থ্ পড়েন। তাদের দুইজনকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বর্তমানে অনেকটা ভালো আছে। এ যুবকের মৃত্যুর পর থেকেই মাদক ব্যবসায়ী শাহীন পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
