চিকিৎসক স্ত্রীসহ করোনায় আক্রান্ত নির্মাতা আকরাম খান

আপডেট : ২৯ মে ২০২০, ০৩:১৬ পিএম

নাটক ও চলচ্চিত্র পরিচালক আকরাম খান ও তার স্ত্রী লায়লা আফরোজ ঋতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক ফেইসবুক পোস্টে ঘাসফুল ও খাঁচা সিনেমার নির্মাতা খবরটি জানান।

আকরাম খান লেখেন, “প্রতিবেদন এসেছে আমাকে আর ঋতাকে করোনা করুণা করে নাই।”

ঋতা একজন চিকিৎসক। করোনা মহামারীর মাঝে নিয়মিতই তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

আকরামের সোশ্যাল মিডিয়ার পোস্টে মন্তব্য করে অনেকেই শুভ কামনা জানাচ্ছেন। আবার কেউ কেউ আলাদা পোস্টও দিয়েছেন।

অভিনেত্রী শাহনাজ খুশী লেখেন, “আমি আশ্চর্য হই নাই। ঋতা রেগুলার স্পটে কাজ করছে। তারপর ঘরে ফিরছে! ডাক্তারদেরও আইসোলেশনের ব্যবস্থা নাই! এটাই তো হবার কথা! খুব চিন্তা হচ্ছে। ওদের সন্তানদের কথা ভেবে ও তার আম্মাকে ভেবে। তুমি অসীম মনোবলওয়ালা ছেলে আকরাম, ঋতাও। আমার বিশ্বাস, তোমরা বিজয়ী হবা অনেক ভালোবাসি ভাই তোমাদের।”

নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ লেখেন, “দ্রুত সুস্থ্য হয়ে উঠুন আপনারা! অনেক অনেক শুভ কামনা…।”

সম্প্রতি ‘বিধবাদের কথা’ নামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন আকরাম খান। এর আগে ‘খাঁচা’ জন্যও অনুদান পান তিনি। দুটো চলচ্চিত্রেরই কাহিনি নেওয়া হয়েছে হাসান আজিজুল হকের গল্প থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত