কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসহাক (৩২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত ইসহাক টেকনাফ উপজেলার সাবরাংয়ে বসবাসরত রোহিঙ্গা নাগরিক। তিনি রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য বলে র্যাব জানিয়েছেন।
বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাক গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীরারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা
ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত রোহিঙ্গা ডাকাতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
