করোনাভাইরাসে আক্রান্ত হলেন সংগীত প্রযোজকদের প্রধান সংগঠন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ মে, বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দেশের অন্যতম সংগীত ও নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র এই কর্ণধার। শুক্রবার দুপুর নাগাদ করোনাভাইরাস টেস্টের ফলাফল পজেটিভ নিশ্চিত হন।
এসকে সাহেদ আলী পাপ্পু গণমাধ্যমকে বলেন, ‘এখন আসলে দূর থেকে দোয়া করা ছাড়া তো কারো কিছু করার নেই। আমি জানি, এই যুদ্ধ জয় করা কঠিন। এটাও জানি, সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমার বাঁচা-মরা নির্ভর করছে উপরওয়ালার হাতে আর চিকিৎসকদের প্রচেষ্টা। সবাই একটু দোয়া করবেন।’
পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন এসকে সাহেদ আলী। গেল তিন দিন খুব খারাপ অবস্থা থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার পর অক্সিজেন ও চিকিৎসকদের সহযোগিতায় খানিকটা স্বাভাবিক আছেন।
পরিবারের সদস্যদের চিকিৎসকেরা বলেছেন, অবস্থার দ্রুত উন্নতি না হলে প্লাজমা থেরাপিতে যেতে হবে। এর জন্য প্রয়োজন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হওয়াদের কাছ থেকে বি পজিটিভ রক্ত।
বিষয়টি জানিয়ে এর মধ্যে ফেসবুকে হেল্প পোস্ট দিয়েছেন নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি জানিয়েছেন, করোনাজয়ী কেউ বি পজিটিভ ব্লাড দিতে চাইলে তার সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে।
