ঈদে তেল-মসলার খাবার খেয়ে একঘেয়ে লাগতে শুরু করলে একটু ভিন্ন স্বাদের কিছু রাঁধতে পারেন। রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
চিংড়ির কোপ্তা
উপকরণ
খোসা ছাড়ানো চিংড়ি মাছের কিমা ১ কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ আধা চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, নারিকেলের দুধ দেড় কাপ, তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ৪টি, দারুচিনি ২টি, আস্ত কাঁচা মরিচ ৫টি।
যেভাবে তৈরি করবেন
১. চিংড়ি কিমা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রেখে দিন।
২. ফ্রাইপ্যানে তেল গরম করে এর মধ্যে সব বাটা মসলা ও গুঁড়া মসলা সামান্য নারিকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিই।
৩. এবার এর মধ্যে আস্ত তেজপাতা, দারুচিনি ও বাকি নারিকেল দুধ দিয়ে নিন।
৪. বলগ এলে চিংড়ির কিমা ছোট বলের মতো করে এর মধ্যে ছেড়ে দিন। ঘন হয়ে এলে আস্ত কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে নামিয়ে নিন।
ডাঁটা আলু পোস্ত
উপকরণ
ডাটা ২ কাপ, আলু টুকরো ১ কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, পোস্ত বাটা সিকি কাপ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. কড়াইতে তেল দিয়ে ডাঁটা ও আলু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে হালকা ভেজে উঠিয়ে নিন।
২. এবার ঐ তেলে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৩. কষানো হলে এরমধ্যে ভেজে রাখা ডাঁটা ও আলু দিয়ে আবার কষিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ হতে দিন। হয়ে গেলে চার ফালি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।
কেওড়ার ডাল
উপকরণ
মাষকলাইয়ের ডাল ১ কাপ, মুগ ডাল আধা কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, আস্ত জিরা এক চিমটি, তেজপাতা ৩টা, তেল সিকি কাপ, কাঁচা মরিচ ফালি ৪টা, শুকনা মরিচ ৩টা।
যেভাবে তৈরি করবেন
১. মাষকলাই ও মুগ ডালকে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন।
২. এবার সেদ্ধ ডালের মধ্যে পরিমাণ মতো পানি, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ ফালি ও আদা কুচি দিয়ে রান্না করুন।
৩. কড়াইতে তেল দিয়ে তেজপাতা, জিরা ও শুকনা মরিচের ফোঁড়ন দিন। এর মধ্যে ডাল ঢেলে দিয়ে একটা বলগ এলে নামিয়ে নিন।
ক্রিমি ম্যাঙ্গো ডিলাইট
উপকরণ
আম ১ কাপ, মাখন সিকি কাপ, জিলোটিন ১ টেবিল চামচ, গরম পানি সিকি কাপ, চিনি সিকি কাপ, হুইপ ক্রিম ২ কাপ।
পরিবেশনের জন্য : কেক ১ বাটি, আমের কুচি ১ বাটি।
যেভাবে তৈরি করবেন
১. একটি পাত্রে জিলোটিন পানিতে ভালো করে মিশিয়ে নিন।
২. চুলায় মাখন গরম করে ব্লেন্ড করা আম দিয়ে নেড়ে নিন। এরমধ্যে চিনি ও জিলোটিন মিশিয়ে রাখা পানি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন।
৩. হুইপ ক্রিম বিট করে এবার এরমধ্যে রান্না করা মিশ্রণ মিশিয়ে ভালো করে বিট করে নিন।
৪. পাত্রে প্রথমে কেক বিছিয়ে একটা লেয়ার দিন। এর ওপর বিট করা মিশ্রণ ঢেলে তার ওপর আমের কুচি দিয়ে পরিবেশন করুন।
