পৃথিবীর সব ক্রিকেট ম্যাচই পাতানো হয়। কোনো ম্যাচেই সৎ ভাবে খেলা হয় না। দিল্লি পুলিশের কাছে সম্প্রতি এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় জুয়াড়ি সঞ্জীব চাওলা।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে সঞ্জীব বলেছেন, ‘একটা বিশাল বড় সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দ্বারা পরিচালিত হয় সমস্ত ক্রিকেট ম্যাচ। যা পরিচালকদের দ্বারা পুরো সিনেমা পরিচালিত হওয়ার মতো ব্যাপার।’
২০০০ সালে ভারতে ম্যাচ পাতানোর ঘটনায় হানসি ক্রনিয়ের নাম এসেছিল। তখন জুয়াড়ি সঞ্জীব চাওলার কথাও ওঠে আসে। এই জুয়াড়িই ক্রনিয়েকে অসাধু পথে টেনে নিয়ে যান। ২০ বছর পর যিনি আবার দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্রনিয়েকে অসৎ পথে নেওয়ার কথা স্বীকারও করেছেন চাওলা। তবে বেশি কিছু বলতে রাজি হননি এ ব্যাপারে। জানিয়েছেন ম্যাচ গড়াপেটায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জড়িয়ে থাকায় প্রাণের আশঙ্কা থেকে যায় সব সময়।
