রংপুর সদর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার বিকালে উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম বৃষ্টি বেগম (১৩)। সে ওই গ্রামের এমদাদ মিয়ার মেয়ে ও শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয়রা জানান, কিছু দিন থেকে মোবাইল কেনার বায়না ধরে স্কুল ছাত্রী বৃষ্টি। বাবা এমদাদ কয়েকদিন পরে মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিমান করে এদিন বিকেলে সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ফোন কিনে না দেয়ার জন্য আত্মহত্যাই করেছে বলে মনে হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে এটা আত্মহত্যাই মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
