গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক (২৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার মধ্যরাতে নিহত ওই যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা’র একটি বড় চালান রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর হয়ে পাচার হবে এমন খবর পেয়ে কাশিমপুরে একটি চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে তল্লাশিকালে রবিবার রাত ১টার দিকে একটি ট্রাক থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। পরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং অন্যরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
ওই যুবককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকে তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০ হাজার একশত টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাকটিও জব্দ করেছে র্যাব সদস্যরা।
