করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এশিয়ান গেমসে সোনা জয়ী সাবেক ভারতীয় বক্সার ডিঙ্কো সিং।
বেশ কিছুদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছেন ৪১ বছর বয়সী ডিঙ্কো। এবার আক্রান্ত হলেন করোনায়। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়েই করোনায় আক্রন্ত হয়েছেন ১৯৯৮ ব্যাংকক এশিয়ান গেমসে সোনা জয়ী বক্সার।
কেমোথেরাপির জন্য লকডাউনের মাঝেই দিল্লি যাওয়ার প্রয়োজন পড়েছিল ডিঙ্কোর। উপায় না থাকায় কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রকের সাহায্য চান মণিপুরি বক্সার। সর্বভারতীয় বক্সিং সংস্থার সৌজন্যে এয়ার অ্যাম্বুলেন্সে মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ডিঙ্কোকে।
তবে চিকিৎসার পর তিনি দিল্লি থেকে নিজের রাজ্যে ফেরেন সড়কপথে। অ্যাম্বুলেন্সে দুদিনের যাত্রা শেষে ডিঙ্কো ইম্ফলে পৌঁছান গত ২৩ মে।
বক্সার সরিতা দেবী সংবাদমাধ্যমকে জানান, ডিঙ্কোর কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। ইম্ফলের হোটেলের কোয়ারান্টাইন সেন্টার থেকে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সরিতা দেবী শুরু থেকেই অসুস্থ ডিঙ্কো ও তার পরিবারের সংযোগ রাখছেন।
সরিতা বলেন, ‘এক সপ্তাহ আগে দিল্লি থেকে ইম্ফলে ফেরে ডিঙ্কো। দিন তিনেক আগে ওর জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। রেজাল্ট পজিটিভ এসেছে। দিল্লিতে কেমোথেরাপি সম্ভব হয়নি ওর জন্ডিস ধরা পড়ায়। ডিঙ্কো হাসপাতালে থাকতে চায়নি করোনা সংক্রমণের আশঙ্কাতেই।’
২১ মে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় ডিঙ্কোর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। তাই ফেরার পথেই প্রাক্তন বক্সার কোথাও সংক্রামিত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ভারতীয় বক্সিং ফেডারেশন জানিয়েছে, ডিঙ্কো তাদের না জানিয়েই ইম্ফলের উদ্দেশ্য রওনা হয়। ফেডারেশন যখন জানতে পারে, তখন ডিঙ্কো মাঝপথে।
