বেক্সিমকোর পিপিই রপ্তানিতে ভূয়সী প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইট

আপডেট : ০১ জুন ২০২০, ০৮:১৬ পিএম

মার্কিন বাজারে বাংলাদেশের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই রপ্তানির খবরে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

প্রথম বাংলাদেশী কোম্পানি হিসেবে বেক্সিমকো তাদের প্রস্তুতকৃত ৬৫ লাখ পিপিই'র প্রথম চালান যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এ উপলক্ষে গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত একটি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। 

পরবর্তীতে বেশ কয়েকটি টুইটে পিপিই রপ্তানির জন্য বাংলাদেশ ও বেক্সিমকোকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। একটি টুইটে আর্ল মিলার লিখেন, বাংলাদেশকে বিশ্বমানের বৃহৎ আকারের পিপিই উৎপাদনকারী দেশগুলোর কাতারে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

সেই টুইট নিজের প্রোফাইলে রি-টুইট করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি লিখেন, আমি এই তাৎপর্যপূর্ণ মাইলফলকের জন্য রাষ্ট্রদূত মিলারের সঙ্গে একমত হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা সাহায্যকর্মীদের এখন পিপিই প্রয়োজন। এসব পিপিই যোগানে এগিয়ে এসেছে কোম্পানিগুলো। ফলে এ ধরনের আন্তর্জাতিক আংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক টুইট বার্তায় জানায়, ‘অংশীদারিত্ব ও সৃজনশীলতার মাধ্যমে আমরা কভিড ১৯-কে পরাজিত করবো। বেক্সিমকো ও হ্যানসকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রে পিপিই শিপমেন্টকে এত দ্রুত বাস্তবতায় পরিণত করার জন্য।

এদিকে রাষ্ট্রদূত মিলারের টুইটের রি-টুইট করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাও। সংস্থাটি লিখে, কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই ও অর্থনৈতিক পুনরুদ্ধার চেষ্টায় আমরা একে অপরকে সাহায্য করছি। তাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অশীদারিত্ব আরও শক্তিশালী হয়ে উঠতে দেখাটা দারুণ!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত