মুকসুদপুরে আসামি ছিনতাই মামলায় ২৬ জন গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২০, ১২:৩৪ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে খান্দাপাড়া ও বহুগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মুকসুদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত হোসেন জানান, আসামিরা গত ৯ মে পুলিশের ওপর হামলা চালিয়ে অন্য আসামিদের ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। গতকাল তারা মাইক্রোবাসে করে জেলা সদরের আদালতে হাজিরা দিতে আসার সময় খান্দাপাড়া ও বহুগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের আটক করে।

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মে মুকসুদপুর-রাজপাট বাইপাস সড়কের মোড়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তিন আসামিকে ছিনিয়ে নিয়েছিল আসামিপক্ষের লোকজন। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় খান্দারপাড় ইউপির চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক লোককে আসামি করে মামলা করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত