গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে র্যাব-১এর সদস্যরা।
মঙ্গলার ভোরে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. সহিদ (৩৫) ও মো. মতিউর রহমান (২৫)। তারা গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গজারিয়াপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকার হামিদিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, দুইটি হাঁসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি লুট করে থাকে।
