ফিরছে টেস্ট ক্রিকেট, উইন্ডিজের বিপক্ষে সূচি জানাল ইংল্যান্ড

আপডেট : ০২ জুন ২০২০, ০৮:৪৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি ও ভেন্যু জানাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এর মধ্য দিয়েই চূড়ান্ত হলো করোনার পর কবে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামাবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই শুরু হবে ম্যাচ দুটি। সরকারের অনুমতি সাপেক্ষে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

এক বিবৃতিতে ইসিবি জানায়, ৯ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছাবে এবং ম্যানচেস্টারে তারা প্রাথমিক কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলন করবে।

সব ঠিক থাকলে করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর এটিই হবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ।

পূর্বের সূচিতে ওভাল, এজবাস্টন এবং লর্ডসে ৪ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল।

ইসিবি জানিয়েছে, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বিষয়ে দ্রুতই জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত