শাহজাদপুরে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট : ০২ জুন ২০২০, ১০:১৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস চাপায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামের কাঞ্চু সুত্রধর (৪৫),তার স্ত্রী আন্না রাণী সুত্রধর (৩৫) ও মেয়ে আরাধ্যা সুত্রধর (৯)। আহতদের মধ্যে একজন কাঞ্চুর ছেলে শুভ সুত্রধর (১৪)। আহত ভ্যান চালকের নাম জানা যায়নি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান,এ দিন বিকেলে উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তারা।

ঘটনাস্থলে পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের ধাক্কায় ভ্যান উল্টে ঘটনাস্থলেই আন্না রাণী সুত্রধর নিহত হন। আহত কাঞ্চুকে হাসপাতালে নেওয়ার পথে ও আরাধ্যা চিকিৎসারত অবস্থায় মারা যায়। আহত শুভকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘাতক কোচ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাহিদ বলেন,ঘটনাস্থলে একজন, হাসপাতালে আসার পথে একজন ও চিকিৎসাধীন একজন মারা গেছেন। আহত একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত