করোনায় প্রবীণ আইনজীবী কবির চৌধুরীর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:১২ এএম

করোনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী কবির চৌধুরী (৮৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রব বলেন, গত শনিবার কবির চৌধুরী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া তিনি হৃদরোগেও ভুগছিলেন। প্রয়াতের ছেলে শফি উদ্দিন কবির আবিদ জানান, সোমবার রাতে তার বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার সকালে তিনি মারা যান। গতকাল বাদ আসর আনোয়ারা উপজেলার বটতলী এলাকার পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য কবির চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থী হন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক এ সদস্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত