করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক উৎপল কুমার সাহা। সোমবার রাতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে ৩০ মে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, সরকারের চলমান করোনা প্রতিরোধ কর্মসূচিতে উৎপল কুমার অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ঢাকা শহরের দুর্গতদের জন্য খাদ্য সহায়তা প্রদানের বিষয়ে সহায়তা করে আসছিলেন। তিনি ১৮তম বিসিএসের কর্মকর্তা। আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ১২তলা বিশিষ্ট কামিনী ভবনে তিনি সপরিবারে থাকতেন। তার স্ত্রী নাসিমা সুলতানা ১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে বর্তমানে অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব।
খাদ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উৎপল কুমার সাহা খাদ্য অধিদপ্তরের একজন নিবেদিত কর্মকর্তা ছিলেন। তিনি সবসময় চিন্তা করতেন সরকারের সংরক্ষণ করা খাদ্য যেন দুর্যোগের সময় যোগ্য মানুষের কাছে পৌঁছে। এ কারণে করোনার দুর্যোগে ঢাকায় সরকারের বণ্টন করার খাদ্য সামগ্রীতে কোনো অনিয়ম ঘটেনি। তিনি ছিলেন গরীবের খাদ্যবন্ধু। তার এই অকাল মৃত্যুতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
