করোনাভাইরাসজনিত কভিড-১৯ মহামারীর মধ্যে পোশাকশ্রমিকদের বেআইনিভাবে ছাঁটাই ও বেতন না দেওয়ার অভিযোগ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল বুধবার ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগপত্র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে কাজে যোগ দিতে না দিয়ে বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও আইডি কার্ড রেখে দিয়ে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হচ্ছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যেসব শ্রমিককে কাজে যোগদান করতে দেওয়া হয়নি তাদের মার্চ ও এপ্রিল মাসের বেতনসহ ঈদ বোনাস দেওয়া হয়নি। ওই শ্রমিকরা তাদের মজুরি ও ঈদ বোনাস আদৌ পাবে কি না সে বিষয়েও কারখানা কর্র্তৃপক্ষ শ্রমিকদের অবহিত করছে না।
এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু এই অভিযোগ তারা আমাদের (বিজিএমইএ) কাছে করেননি তাই মন্তব্য করতে পারছি না।’
বিকেএমইএ পরিচালক ফজলে শামীম এহসান এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘অধিকাংশ শ্রমিকের স্বার্থে এবং শিল্প বাঁচানোর জন্য খরচ কমানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যদি বেআইনিভাবে ছাঁটাই করা হয়ে থাকে, তাহলে আমাদের নজরে এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শিল্পের স্বার্থে এই মহূর্তে অন্যায্য কোনো দাবি না করার অনুরোধ থাকল শ্রমিক নেতাদের প্রতি। সবসময় সংঘাতের পথে না গিয়ে বর্তমান পরিস্থিতি অনুধাবন করে পদক্ষেপ নিতে হবে সবাইকে।’
