কেরালার হাতিটিকে ‘ইচ্ছা করে’ আনারস খাওয়ানো হয়নি

আপডেট : ০৪ জুন ২০২০, ০৪:৫৩ পিএম

কেরালায় বাজিভরা আনারস খেয়ে যে গর্ভবতী হাতিটির মৃত্যু হয়েছে সেটি ‘অনিচ্ছাকৃত ঘটনা’ ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সেখানকার বনবিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন,  বাজিভরা ওই আনারস ফসল নষ্ট করা বন্য শূকর ধরার ফাঁদ ছিল।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে ভারতীয় বনবিভাগের এক কর্মকর্তা বলেন, ‘কেউ-ই হাতিকে আনারস খাওয়াতে যাবে না। হাতটি অবশ্যই এটি কোথাও পড়ে থাকতে দেখে খেয়েছে।’

ওই কর্মকর্তার দাবি, বাজিভরা আনারস বন্য শূকর ঘায়েল করার ফাঁদ হিসেবে সেখানে ব্যবহার করা হয়।

নিজের নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও বলেন, ‘যেসব এলাকায় বন্যপ্রাণী সম্পদের ক্ষতি করে, সেখানকার কিছু মানুষ এমন উন্মত্ত কাজ করে থাকে।’

হাতির মৃত্যুর ঘটনা এক বনকর্মীর পোস্টের পর প্রকাশ্যে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোকের ছায়া নামে। সেই শোক ছুঁয়ে যায় বাংলাদেশিদেরও।

কেরালার যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দা নিরমল বলেছেন, ‘আমাদের অঞ্চলে এভাবে শুকর প্রতিহত করা হয়। না হলে ওরা ফসল ধ্বংস করে দেয়।’

বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারও।

অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত