ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে আলাপ শেখ (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাপ শেখ হরিশংকরপুর গ্রামের ভোলায় শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এদিন ফরিদের সমর্থক আলাপ শেখ, নুর ইসলামসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর গ্রামের মিয়াবাড়ি মোড়ে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
পরে ঘটনাস্থল থেকে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
