ফেনীতে একই পরিবারের তিনজনসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, আক্রান্তদের সবাই দাগনভূঞা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মা-মেয়ে ও নাতি রয়েছে। ওই পরিবারের আরও দুজন ইতিপূর্বে আক্রান্ত হয়েছেন। তারা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। অন্য আক্রান্ত ব্যক্তি দাগনভূঞা পৌর শহরের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, জেলায় এখন পর্যন্ত ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরের ৭১, ছাগলনাইয়ার ২৪, দাগনভূঞার ৫৮, সোনাগাজীর ২১, ফুলগাজীর ৭ ও পরশুরামের ৭ জন। অন্য ৫ জন পার্শ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।
