জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় মৃত্যুর পর এক বৃদ্ধকে হাসপাতালে রেখেই পালিয়েছে তার স্বজনরা। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মৃত সন্দু মিয়া (৬০)আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সন্দু মিয়ার মৃত্যু হলে কিছুক্ষণ পরেই পালিয়ে যায় স্বজনরা।
শুক্রবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনদের হদিস পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা উপসর্গ নিয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সন্দু মিয়া।
চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে পরিবারের লোকজন সেখানে নিয়ে যায়নি। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সজিব সাইফুল্লাহ জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যায়নি।
তিনি বলেন, রাতেই ওই বৃদ্ধ মারা যান এবং তার মৃতদেহ হাসপাতালেই পড়ে রয়েছে।
