সরকারী নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার বিক্রয়ের অপরাধে (অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়) রাজধানীর ৬ প্রতিষ্ঠানকে ৭৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বেইলি রোড, শান্তিনগর ও মৌচাক এলাকায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করে। অভিযানটিতে সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম।
অভিযানে থাকা ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে জানান, সরকারী নির্দেশ অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে সকল প্রতিষ্ঠানকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, বেইলি রোডের আর্টিসানকে ২৫০০০ টাকা, বাবুই (কাপড়ের দোকান) ২০০০ টাকা, শান্তিনগরের প্রিমিয়ার সুইটসকে ২৫০০০ টাকা, মৌচাকের আরএফএল বেস্ট বাইকে ১০০০০ টাকা, মৌচাকের মা রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৭৫০০ টাকা ও আল হামদান রেস্তোরাঁকে ৫০০০ টাকা।
