দীর্ঘদিন নিঃসঙ্গভাবে অবস্থান করে ও চিকিৎসকের পরামর্শ মেনে চলে করোনাকে জয় করে সুস্থ জীবনে ফিরেছেন টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ ৫ জন।
দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসায় শুক্রবার তাদের স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষনা করে। এ নিয়ে মির্জাপুরে মোট ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেন।
এদিন করোনাকে জয় করে সুস্থ হলেন যারা- মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউএনও অফিসের কর্মচারী হাবিব খান, কৃষি অফিসের কর্মচারী অরুণ, ফতেপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিষ্ট আব্দুল কাদেরের ছেলে সায়েম এবং তেলীনা গ্রামের কিশোর মোয়াজ্জেম।
সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জানান, করোনা ধরা পড়ার পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া শুরু করেন। এ সমসয় চিকিৎসকদের পরামর্শে তিনি এ্যাজিথ্রোমাইসিন ৫০০ মি. গ্রাম একটা করে সাতদিন এবং নাপা ট্যাবলেট দুইটা করে সাতদিন সেবন করেন। পাশাপাশি তিনি ঘরোয়া কিছু পদ্ধতি অনুস্মরণ করেন। তার মধ্যে লেবু মিশ্রিত গরম পানি পান, লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গড়গড়া এবং পাঁচ মসলার (এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা) সাথে লেবু মিশ্রিত গরম পানির ভাপ নেওয়া ও পান করা।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন তা হলো মানসিকভাবে সুস্থ থাকা। তারপর চিকিৎসকের পরামর্শ এবং ঘরোয়া টিপস অনুসরণ করা। সকলকে তিনি ঘরে থাকার পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ আসায় সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে শুক্রবার সুস্থ ঘোষণা করা হয়েছে।
