ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর ব্যবস্থা বিসিবির

আপডেট : ০৬ জুন ২০২০, ০৫:১৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও কিছুটা দেখেশুনে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কথা ভাবছিল। কিন্তু মুশফিকুর রহিম থেকে শুরু করে আরও কয়েকজন ক্রিকেটার মাঠে অনুশীলন করার আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি তাই কয়েক দিনের মধ্যে দেশের কয়েকটি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খানের ভাষায়, ‘এটা আসলে বিসিবির পরিকল্পনা নয়। ক্রিকেটারদের ইচ্ছে পূরণ করতে করা হচ্ছে। সেজন্য যে যে সহায়তা দরকার তা করবে বিসিবি।’

মার্চের মাঝামাঝি থেকে ক্রিকেটাররা মাঠের বাইরে। করোনাভাইরাসের কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু লকডাউন উঠে গেছে মাত্র গত সপ্তাহে। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। তারপরও সরকার সীমিত আকারে অনেক কিছু উন্মুক্ত করেছে।

ক্রিকেটাররা ঘরে বসে থেকে হাঁপিয়ে উঠেছেন। বিসিবির জিমে বা মাঠে যেসব সুযোগ সুবিধা নিয়ে অনুশীলন করে নিজেদের ঠিক রাখা সম্ভব তা তো আর বাসায় বসে পাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কবে ফিরবে বা ঘরোয়া ক্রিকেট আবার কবে শুরু হবে তা ঠিক না

থাকলেও ক্রিকেটারদের কেউ কেউ মাঠে গিয়ে অন্তত একা হলেও অনুশীলন করতে চাইছেন। মুশফিক এ বিষয়টি নিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছিলেন। বিসিবি তাতে প্রথমে সাড়া দেয়নি।

কিন্তু বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন শেষে জানিয়েছেনÑ ‘ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলনের ব্যবস্থা করছি। কেউ যদি চায় আর ৫-৭ দিন পর থেকে নিজের উদ্যোগে এসব জায়গায় অনুশীলন করতে পারবে।’

ব্যাটসম্যানদের নেট প্র্যাকটিসের জন্য আরও কয়েকজন প্রয়োজন হয়। তবে করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব এড়াতে সহায়কের সংখ্যা কমানোর কথা ভেবে রাখা হয়েছে। একজন ক্রিকেটার একজন সহকারী পাবেন অনুশীলনে। আকরাম খান জানিয়েছেন, চাইলেই কেউ ৪-৫ জন নিয়ে প্র্যাকটিস করতে পারবেন না।

এদিকে আগামী জুলাই-আগস্ট মাসে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। সেখানে নির্ধারিত হয়ে আছে ৩ টেস্টের সিরিজ। যে সিরিজ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শ্রীলঙ্কা দল সম্প্রতি অনুশীলনে ফিরেছে। লঙ্কায় করোনাভাইরাসের সংক্রমণ ততটা নয়।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানিয়েছেন, সিরিজটি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা চলছে। জুলাইয়ে সেটি করা যায় কি না তা নিয়ে কথা হচ্ছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত