মির্জাপুর উপজেলা চেয়ারম্যানসহ ৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৬ জুন ২০২০, ১২:৩৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭  জনে। তবে চেয়ারম্যান ও তার ভাতিজার কোনো উপসর্গ নেই বলে তারা জানিয়েছেন।

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে কর্মহীন মানুষের পাশে থেকে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা প্রদানসহ নিয়মিত অফিস করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

জানা গেছে, গত ৩১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজাসহ পরিবারের অন্য সদস্যসহ মোট ২৫ জনের নমূনা সংগ্রহ করেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

পরে ১ জুন ঢাকার আইপিএইচ ল্যাবে পাঠালে শনিবার চেয়ারম্যান তার ভাতিজা ও মির্জাপুর বাজারের এক দম্পতিসহ ৮ জনের শরীরের করোনা শনাক্তের খবর পায় স্বাস্থ্য বিভাগ।

চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। চেয়ারম্যানসহ এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

আক্রান্ত অন্যরা হলেন, মির্জাপুর বাজারের বাসিন্দা নূরুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী রেশমা রহমান, জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের আবদুল মোতালেব মিয়ার ছেলে মোকলেস মিয়া, ভাওড়া ইউনিয়নের আমরাইল তেলিপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে রেজাউল করিম, একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আলী হোসেনের ছেলে কুমুদিনী হাসপাতালে সিনিয়র ব্রাদার নার্স আবদুল মালেক এবং পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের আবদুস সামাদের ছেলে মির্জাপুর পৌরসভার গাড়ি চালক তানভির হোসেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত