পুরান ঢাকার রায়সাহেব বাজারে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে ৪৯, লালচাঁন মুকিম লেনের তিন তলা বাড়ির কেমিক্যাল গোডাউনে এই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রকি (২৮) সহ দুজন দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, তিন তলা বাড়ির নীচ তলায় নিকেল তৈরির কেমিক্যালের গোডাউন। দোতলায় রাবার তৈরির কেমিক্যাল ও নাট-বল্টুর গোডাউন। সকাল ৭ টায় নিচ তলায় নিকেলের গোডাউনে আগুন ধরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নিচ তলা ও দোতলার গোডাউনের কেমিক্যাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। অাগুনের কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
