ঘরে ঝুলছিল স্বামী, বিছানায় গামছা পেঁচানো স্ত্রীর লাশ

আপডেট : ০৭ জুন ২০২০, ০২:০৯ পিএম

ঘর থেকে স্বামীর ঝুলন্ত ও বিছানার উপর থেকে গামছা পেঁচানো অবস্থায় স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আ. রাশিদ খানে ছেলে স্বামী উজ্জল মিয়া (৪০) এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার (৩২)। তবে তাদের কোনো সন্তান নেই এবং উজ্জল মিয়া পেশায় কৃষি কাজ করেন।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঘরের দরজা খুলতে না দেখে উজ্জলের মা ডাকতে থাকেন। বিষয়টি সন্দেহ হলে দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পান উজ্জল মিয়া ঘরের আড়ায় (ধরনা) ঝুলন্ত অবস্থায় রয়েছে। গলায় গামছা পেঁচানো অবস্থায় তার স্ত্রী সুরাইয়া বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম।

এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন দেশ রূপান্তরকে জানান, উজ্জল মিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া এবং তার স্ত্রী সুরাইকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। সুরাইয়ার গলায় দাগ পাওয়া গেছে। ধারণা বা সন্দেহ করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে মারার পর স্বামী ঘরের ধরনার সাথে ঝুলেছে।

এ ধারনা সঠিক হতে পারে আবার নাও হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর প্রকৃত তথ্য জানা যাবে। এই দম্পতির কোনো সন্তান নেই বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত