‘করোনার ভ্যাকসিন গবেষণায় নাশকতার চেষ্টা চালাচ্ছে চীন’

আপডেট : ০৭ জুন ২০২০, ০৫:১৩ পিএম

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গবেষণা ব্যর্থ করে দিতে চায় চীন, এমনটি অভিযোগ মার্কিন সিনেটর রিক স্কটের। 

বিবিসির অ্যান্ড্রু মার প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির এই নেতা বলেন, ভ্যাকসিন গবেষণায় নাশকতা চালানোর চেষ্টা করছে চীন।

রিক স্কট বলেন, আমাদের এই ভ্যাকসিনের কাজ শেষ করতেই হবে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে, কমিউনিস্ট চীন নাশকতা চালিয়ে আমাদের ব্যর্থ করে দিতে চায় অথবা এটা গতি টেনে ধরতে চায়। গোয়েন্দা তথ্য থেকে এটি আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, যদি আমরা অথবা যুক্তরাজ্য বা ইউরোপের যে কেউই যদি প্রথমে এই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলে তাহলে সেটি পুরো বিশ্বকে দিয়ে দেয়া হবে কিন্তু চীন সেটি করবে না।

এই রিপাবলিকান সিনেটর বলেন, চীন আমাদের সঙ্গে যা করেছে তা হতাশজনক। করোনা নিয়ে তারা মিথ্যা বলেছে আমাদের সঙ্গে। নয়ত আমরা আরও ভালও প্রস্তুতি নিতে পারতাম।

প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের উহান থেকে করোনার উৎপত্তি হয়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানায় চীন সরকার। যদিও এই ভাইরাস বড় আকারে ছড়িয়ে গেছে ততদিনে।

এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখেরও বেশি লোক। শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন এক লাখ ১০ হাজারের কাছাকাছি মানুষ। সেই তুলনায় চীনের মৃতের সংখ্যা মাত্র  ৪ হাজার ৬৩৮ জন। 

সংক্রমণের ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো চিকিৎসা বের করতে পারেননি বিজ্ঞানীরা। ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত ৭০টিরও বেশি ভ্যাকসিন গবেষণা চলছে বিশ্বজুড়ে। এর মধ্যে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জানিয়েছেন, দেশটি যদি সবার আগে ভ্যাকসিন আবিষ্কার করতে পারে তাহলে বিশ্বে সেটি বিতরণ করা হবে। উন্নয়নশীল দেশগুলো যাতে সেটি পায় তা নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত