তিন টেস্টের সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। দুই বোর্ডের মধ্যেই এনিয়ে আলোচনা চলছে। দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে এ সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সিরিজ নিয়ে আশার কথা বলে আসছিল আগে থেকেই। তবে বাংলাদেশ সিরিজ নির্ধারিত সময়ে না হলে বিকল্পও ভেবে রাখছে তারা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো। করোনা ধাক্কা কাটিয়ে এরই মধ্যে দেশটির ক্রিকেটাররা অনুশীলনও শুরু করেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও তার আগে ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য প্রস্তুতিও নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
তবে ভারত ও বাংলাদেশ দুই দেশেই করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ বলা চলে। এ অবস্থায় ভারত যে শ্রীলঙ্কা যাচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে দ্রুত।
এ অবস্থায় দুই সিরিজের বিকল্প হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ- শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজন করতে চায় লঙ্কান বোর্ড। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা।
স্থানীয় সংবাদ মাধ্যমকে মোহন ডি সিলভা বলেন, ‘বাংলাদেশ সিরিজ যদি না হয় অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে আমাদের। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট।’
‘ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) খুব চাইছে টুর্নামেন্ট নির্ধারিত সময়ে আয়োজন করতে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপটা হওয়ার সম্ভাবনা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।’
শ্রীলঙ্কার ঘরোয়া সূচিতে এসএলপিএল আগস্ট-সেপ্টেম্বরে হওয়ার কথা। বাংলাদেশ সিরিজ না হলে সেটি এগিয়ে আনবে তারা।
