করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ‘গরীবের ডাক্তার’

আপডেট : ০৭ জুন ২০২০, ০৮:১১ পিএম

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক পল্লী চিকিৎসক ও করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের আরেকজনের মৃত্যু হয়েছে। 

রবিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পল্লী চিকিৎসক চিত্তরঞ্জন দেবনাথ (৬৫) সদরঘাট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তবে তিনি পটিয়ার পাচুরিয়া গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে সেবা দিতেন। অসহায় গরীবদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দেওয়ায় তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত। 

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানান, ওই পল্লী চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে ৫ জুন হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার সকাল ৭ টায় সেখানে তিনি মারা যান। তার নমুনা নেয়া হয়েছে , রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

পল্লী চিকিৎসক চিত্তরঞ্জন দেবনাথ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি প্রায় তিনযুগ ধরে পাচুরিয়া গ্রামে গরীব অসহায়দের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতেন। গ্রামের ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে গরীবের ডাক্তার বলে পরিচিত। 

এদিকে, ৭ জুন রবিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন করোনা রোগী মারা গেছেন। 

ডা. আব্দুর রব জানান, ৫৫ বছর বয়সী করোনা আক্রান্ত ওই বৃদ্ধ সকাল ৯ টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাসা নগরীর চান্দগাঁও এলাকায়। করোনা পজিটিভ হওয়ার পর শনিবার (৬ জুন) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এই পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চট্টগ্রামের মোট ৯৮ জন মারা গেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত