২০২২ সালে কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ব্রাজিলের জন্য দারুণ কাটবে বলে আশাবাদী দেশটির সাবেক অধিনায়ক ও দুইবারের বিশ্বকাপজয়ী তারকা কাফু। ফিফা ডটকমকে দেওয়ার সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কিংবদন্তি।
রবিবার পঞ্চাশ বছর পূর্ণ করলেন কাফু। এ উপলক্ষে ফিফা ডটকম একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে তার। অনেক বিষয়েই খোলামেলা কথা বলেছেন ব্রাজিলের হয়ে দুটি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জেতা কাফু।
এসেছে ২০২২ বিশ্বকাপ প্রসঙ্গও। কাতারে হতে যাওয়া আসরে ব্রাজিল কি শিরোপা পুনরুদ্ধার করে ঘরে ফিরতে পারবে? এমন প্রশ্নে কাফুকে বেশ আশাবাদী শোনায়।
বলেন, ‘আমি তাই মনে করি। সেলেকাওয়ের কথা এলেই আমি ভীষণ আশাবাদী হয়ে উঠি। আমি নিশ্চিত যে ব্রাজিলের জন্য এটি দারুণ বিশ্বকাপ হবে। আমাদের নেইমার আছে, আরও অনেক ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। বেশ কিছু তরুণ সম্ভাবনাও উঠে এসেছে।’
