রামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২০, ০৭:০৬ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. শরিফ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এ কে ফজলুল হক জানান, শনিবার বিকেলে ১৫ জনকে আসামি করে মামলাটি করেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল। মামলায় তিনি অভিযোগ করেন, সম্প্রতি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের মালিকানাধীন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদ ফেইসবুকের মাধ্যমে আসামিরা নেতিবাচকভাবে প্রচার করেন। এতে এমপির মানহানি হওয়ায় সংক্ষুব্ধ হয়ে মামলাটি করেন কামরুল।

পরে রাতে শরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত