বগুড়ায় করোনামুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন ১৫ পুলিশ সদস্য।
সোমবার বিকেলে ছাড়পত্র পাবার পর পুলিশ লাইনসে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। বগুড়ায় আক্রান্তের পর এই প্রথম পুলিশ সদস্যরা করোনামুক্ত হতে শুরু করলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ১৩ মে থেকে এ পর্যন্ত বগুড়ায় ৪৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে যাওয়া ১৫ সদস্যকে সোমবার আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা আবারও কাজে যোগদান করবেন।
সুস্থ হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ৪ জন উপ-পরিদর্শক, ১ জন সহকারী উপ-পরিদর্শক, ১ জন নায়েক এবং ৯ জন কনস্টেবল। আরও ২৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে জেলা পুলিশ লাইনসে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।
এদিকে, এই ১৫ জন সুস্থ হয়ে যাওয়ায় বগুড়ায় করোনা থেকে মুক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ জন। আর ৮ জন মারা যাওয়ায় বর্তমানে এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭১৪ জন।
