কেন্দ্রীয় তহবিলের ডিজি আনিসুলকে অব্যাহতির আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট : ০৯ জুন ২০২০, ০১:৪৬ এএম

রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিলের (শ্রম মন্ত্রণালয়ের অধীন) মহাপরিচালক পদ থেকে এএমএম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগের যে সরকারি আদেশ জারি হয়েছিল সেটি ৩০ দিনের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।

অব্যাহতির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আনিসুলের করা রিট আবেদনের ওপর ভিডিও কনফারেন্সে শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টের এ আদেশের ফলে আনিসুলের স্বপদে বহাল থাকতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে যুগ্মসচিব হিসেবে অবসরে যান এ এম এম আনিসুল আউয়াল। পরে শ্রম মন্ত্রণালয় ২০১৭ সালের ২৩ আগস্ট তাকে কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক হিসেবে প্রথম নিয়োগ দেয়। এরপর ২০১৮ সালের ১ জুলাই ফের ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ওই নিয়োগের মেয়াদ বাড়ানো হয়। চুক্তির শর্তানুযায়ী তার বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তে প্রমাণিত হলেই তাকে তিন মাসের নোটিশ দিয়ে কেবল চুক্তি বাতিল করতে পারবে সরকার। গত ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অব্যাহতি দিয়ে সাবেক অতিরিক্ত সচিব মো. আমীর হোসেনকে প্রতিষ্ঠানটির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর নিয়োগ বাতিল চ্যালেঞ্জ করে আনিসুল আউয়াল হাইকোর্টের দ্বারস্থ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত