রাজশাহীতে করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২০, ১২:৫৮ পিএম

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম লুৎফর রহমান (৫২)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

সোমবার সন্ধ্যায় লুৎফর রহমানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাত ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার  সকালেই তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (৬ জুন) বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে তার নমুনায় করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়।

গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত