মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার এক ব্যবসায়ী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেছেন।
নিহতের নাম কবির কাজী (৬০)। তিনি দীর্ঘদিন শহরের ইটেরপুল বাজারে মুরগীর ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির কাজী এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার সদর হাসপাতালে গিয়ে করোনা টেস্ট দিয়ে বাড়ি চলে আসেন। রাতে ঘুমানোর পর ভোরে তিনি মারা যান।
কবির কাজীর ভায়রা ইলিয়াস বেপারী বলেন, কবির ভাই গত ৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন। ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলছে টাইফয়েড জ্বর হয়েছে। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে। এরপরেও আমরা তাকে সোমবার সদর হাসপাতালে নিয়ে করোনার জন্য টেস্ট দিয়ে আসি। ভোর রাতে তিনি মারা যান।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, গোলাবাড়ি এলাকার এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ওই বাড়িতে পাঠিয়েছি। এছাড়া প্রশাসনের লোকজন এবং পৌরসভার মেয়র ওই বাড়িতে গিয়েছিল। বাড়িটি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিলগেট পৌর কবর স্থানে দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির করোনা টেস্টের জন্য নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে।
