করোনা উপসর্গ নিয়ে প্যানেল মেয়রসহ ৪ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২০, ০৬:০৬ পিএম

গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র, কালিগঞ্জে এক মাস বয়সী এক শিশু, স্বর্ণের দোকানের কারিগর এবং গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকায় এক জনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে ।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী আসনের  কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । 

এদিকে, মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের পূর্বচান্দনা এলাকায় তানবীর নামে এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে জানিয়েছেন স্থানীয়রা।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, সোমবার বিকেলে করোনায় আক্রান্ত ১ মাসের এক শিশুর  ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ।

এদিকে গাজীপুরের কালীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়ার পথে দীপঙ্কর সেন (৩৩) নামে এক স্বর্ণের দোকানের কারিগরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার। মৃত দীপঙ্কর সেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে। তিনি ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

জামালপুর ইউপি চেয়ারম্যান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, দীপঙ্কর সেন বেশ কিছুদিন যাবত জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতা অনুভব করলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বাড়ি থেকে যাতায়াত করে ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। নমুনা সংগ্রহের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত