বলে লালা নিষিদ্ধ পেসারকে রোবট বানিয়ে ফেলবে: ওয়াসিম

আপডেট : ১০ জুন ২০২০, ০৪:৩২ পিএম

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে মাঠে যখন ক্রিকেট ফিরছে তখন সাময়িক কিছু নিয়ম বেধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। নতুন নির্দেশনার একটি, খেলার সময় লালা দিয়ে বল ঘষা যাবে না। এই নিয়ম পেস বোলারদের জন্য উদ্বেগজনক বলে মত দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

লালা দিয়ে বল ঘষিয়ে উজ্জ্বল করার সুযোগ না দিলে পেসাররা ‘রোবটের মতো’ হয়ে যাবে বলে মনে করেন পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক।

বাতাসের মধ্যে বলকে সুইং বা বাঁক খাওয়াতে লালা বা ঘাম দিয়ে ঘষিয়ে বলের একপাশে ঔজ্জ্বল্য বাড়িয়ে থাকে। করোনার সংক্রমণ এড়াতে এ ব্যাপারে আইসিসির নতুন বিধিনিষেধের ফলে বলে আর লালা লাগাতে পারবেন না বোলাররা। তবে ঘাম ব্যবহার করতে পারবে।

এ ব্যাপারে বুধবার এএফপিকে ওয়াসিম আকরাম বলেন “এই সিদ্ধান্ত বোলারদের রোবট বানিয়ে ফেলবে। সুইং ছাড়া বোলিং হবে।”

বোলিংয়ে সুবিধা পেতে বল পুরোনো হতে দিতে বোলারদের ধৈর্য ধরতে হবে বলে জানালেন ওয়াসিম। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “এটা আমার জন্য হতভম্ব হওয়ার মতো পরিস্থিতি। কেননা আমি বলের ঔজ্জ্বল্য বাড়াতে লালা ব্যবহার করে এবং সুইং করে বড় হয়েছি।”

পরিস্থিতি বিবেচনায় বোলারদের এমনটা মেনে নেওয়ারও আহ্বান বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট ধারাভাষ্যকারের, “কঠিন এই সময়ে আমিও সব সতর্কতার পক্ষে। সুইংয়ের জন্য বোলারদের বল পুরাতন ও অমসৃণ হতে অপেক্ষা করতে হবে।”

বলের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য ঘাম ব্যবহারে বাধা না থাকলেও তা সম্ভব হয় না বলে জানালেন ওয়াসিম, “ঘাম ব্যবহার করা যায়। কিন্তু অতিরিক্ত ঘাম ক্রিকেট বলকে ভেজা ভেজা করে ফেলে।”

বর্ণিল ক্যারিয়ারে টেস্টে ৪১৪টি এবং আন্তর্জাতিক ওয়ানডেতে ৫০২টি উইকেট নেওয়া ওয়াসিম মনে করেন, বলের ঔজ্জ্বল্য বাড়াতে লালার পরিবর্তে অন্য কোনো কৃত্রিম উপাদান জাতীয় অন্য কিছু ব্যবহার করা যায় কি-না এ ব্যাপারে কর্তৃপক্ষকে ভেবে দেখা দরকার।

“আমি বিশ্বাস করি, তারা এ ব্যাপারে তাদের একটি যুক্তিসংগত সমাধান খোঁজে বের করা দরকার।  ভেসলিন জাতীয় কৃত্রিম কিছু উপাদান বল সুইং করানোর জন্য ব্যবহৃত হতে পারে। সেটা ব্যবহার করা গেলেও কতটুকু করা যাবে?”

“দেখা যাক, আমাদের সামনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, এই সিরিজ দেখে বিষয়টা নিয়ে ভালো মূল্যায়ন করা যাবে। কেননা আমার এই ধরনের অভিজ্ঞতা (লালা না লাগিয়ে বোলিং) কখনো হয়নি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত