সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক মিন্টু মিয়া (২৫) নিহত হয়েছেন। ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মারা গেছেন বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া গোয়াইনঘাট উপজেলার কুলুমছড়ারপাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, মিন্টু ও তার কয়েকজন সহযোগী সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে আম কুড়াতে যায়। এ সময় খাসিয়ারা গুলি ছুঁড়লে মিন্টু মারা যান। তার অপর সহযোগীরা দৌঁড়ে প্রাণ রক্ষা করে। মিন্টুর ভাই নজরুল মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন।
থানার ওসি আবদুল আহাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত মিন্টুর শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
