চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু ও চাঁদপুর সদর উপজেলার মুখার্জিঘাট এলাকার বাসিন্দা নিরেন বর্মন (৫৫) ।
বুধবার মধ্যরাতে মারা যান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত মঙ্গলবার তিনি স্থানীয় হাসপাতালে নমুনা দেন। পরে বুধবার মধ্যরাতে হার্ট অ্যাটাক করলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরে নিজ বাড়িতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আবু ইউসুফ জানান, কিছু দিন যাবত সফি আহমেদের জ¦র ছিল। তাই মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। বুধবার রাত ২টার দিকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করলে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বোলদিঘী গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি আমাদেরকে না জানিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়।
তিনি জানান, চেয়ারম্যান সফি আহমেদের মৃত্যুর পর তার বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। তাছাড়া যারা দাফনকার্যে অংশ নিয়েছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
অপর দিকে বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে শহরের মুখার্জি ঘাট এলাকার বাসিন্দা নিরেন বর্মন মৃত্যুবরণ করেন। পরে দুপুরে তাকে শহরের লঞ্চঘাট এলাকায় খ্রিষ্টান কবরাস্থানে মাটি দেয় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার ভলান্টিয়ার দল।
এদিকে চাঁদপুরে আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২৯০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে শাহরাস্তি উপজেলায় ৪ জন, কচুয়া উপজেলায় ২ জন এবং হাজীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, বুধবার জেলায় ৫৩ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৭ জনের।
