অল্প কিছুদিনের মধ্যেই ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আসছে দেশের ৩ হাজার ৬১৭টি ভূমি অফিস বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ একটি রূপান্তরের গল্প। সেটা ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে বিচার ব্যবস্থাপনায়ও হয়েছে। গতকাল বুধবার ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ অর্জন এবং ভূমি মন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রম বিষয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিচার বিভাগে মামলাজটের ফলে ৩৬ লাখের বেশি মামলা নি¤œ আদালত থেকে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা লকডাউনে রাষ্ট্রপতির অধ্যাদেশের বলে আইসিটি বিভাগের তৈরি ‘মাই-কোর্ট’ ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ১৮ হাজার বন্দিকে মুক্তি দেওয়া গেছে। মামলাজটে থাকা এর মধ্যে ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত। দেওয়ানি অথবা ফৌজদারি। তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের যৌথ প্রচেষ্টায় এই দ্বন্দ্ব, সংঘাতের নিষ্পত্তির ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
