সোনাগাজীতে রাস্তার পাশে ‘ডাকাতের’ গুলিবিদ্ধ লাশ

আপডেট : ১১ জুন ২০২০, ০৪:০০ এএম

ফেনীর সোনাগাজীতে নিজাম উদ্দিন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ডাকাত দলের সদস্য নিজামের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর গ্রামে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিজাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুসাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ডাকাতদের দুটি দলের মধ্যে গোলাগুলির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিজামের লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি হাতে তৈরি অস্ত্র ও গুলিও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও কথা কাটাকাটির জেরে দুই দলের গোলাগুলিতে তাদেরই সদস্য নাজিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে।

এদিকে নিজামের ভাই আবুল কাশেমসহ তার পরিবারের সদস্যদের দাবি, নিজামের বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে রয়েছেন তিনি। গত সোমবার দুপুরে বাড়ির সামনে থেকে পুলিশ পরিচয়ে নিজামকে তুলে নেওয়ার পর বুধবার সকালে তার মৃত্যুর সংবাদ পান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত