সরকারের অতীত অর্জন ও বর্তমান পরিস্থিতির সমন্বয়ে এবারের বাজেট

আপডেট : ১১ জুন ২০২০, ০৮:৩২ এএম

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

প্রাণঘাতী কভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে এবারের বাজেট গতানুগতিক হচ্ছে না। বরং সরকারের অতীতের অর্জন ও উদ্ভূত পরিস্থিতির সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা’ শিরোনামের এই বাজেটে সঙ্গত কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। পাশাপাশি কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং নতুন কর্মসংস্থান তৈরির প্রতি দেয়া হচ্ছে অগ্রাধিকার।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব অগ্রাধিকার খাতের পাশাপাশি বাজেটে ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে বিভিন্ন প্রস্তাব থাকবে। ২০০৯ সাল থেকে একাধিক্রমে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটি হচ্ছে দ্বিতীয় বাজেট।

এ বাজেটে করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়াতে সরকারের ওপর বড় ধরনের চাপ রয়েছে। আবার করোনার কারণে ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতেও কয়েক মাস সময়ের প্রয়োজন হবে। এতে করে সরকারের রাজস্ব আয় আরও সংকুচিত হতে পারে। এমন পরিস্থিতিতে রাজস্ব আয়ের অনিশ্চয়তার মধ্যেও বড় বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার।

আগামী অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি সংশোধিত বাজেটের আকার হচ্ছে ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

করোনা সৃষ্ট পরিস্থিতিতে বাজেট অধিবেশনে মিডিয়া কাভারেজের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে বেলা সোয়া ৩ টার দিকে বিতরণ করা হবে।

অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd-এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ-বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। অর্থ মন্ত্রণালয় বলছে, এভাবে প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনায় নেওয়া হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে বিবেচিত প্রস্তাব কার্যকর করা হবে।

এছাড়া বাজেটকে ব্যাপকভিত্তিক অংশগ্রহণমূলক করতে সরকারের কয়েকটি ওয়েবসাইট লিংক ব্রাউজ করে বাজেট সংক্রান্ত তথ্যাদি পাওয়ার ব্যবস্থা থাকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত