দাঁড়িয়ে থাকা ট্রাকে নছিমনের ধাক্কা, চালকসহ নিহত ২

আপডেট : ১১ জুন ২০২০, ০১:০৬ পিএম

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাসবোঝাই একটি ট্রাকের পেছনে নছিমনের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।

উপজেলার শিমুলতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাজাহান মুন্সীর ছেলে নছিমন চালক সোহেল মুন্সী (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালী গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শিমুলতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোরে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাসবোঝাই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় যাত্রী ব্যবসায়ী সেলিম খলিফা ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত নছিমন চালক সোহেল মুন্সী ও আরেক যাত্রী নুর মোহাম্মদ মল্লিককে  উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পর সোহেল মুন্সী মারা যান।

টেকেরহাটের শিমুলতলা পাইকারী কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ দ্বীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করেছি এবং এলপি গ্যাসবোঝাই ট্রাকটি আটক করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত