বাজেটের কারণে হিলি স্থলবন্দরের সার্ভার বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক

আপডেট : ১১ জুন ২০২০, ০৪:৫০ পিএম

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ হওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কাস্টমসের সার্ভার বন্ধ রয়েছে।

এ কারণে হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম চালু আছে। এদিকে সার্ভার বন্ধ থাকায় বন্দরের অভ্যন্তরে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ৫২টি ট্রাক আটকা পড়ে আছে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশক্রমে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি জমা নেওয়া কার্যক্রম বন্ধ থাকবে হিলি কাস্টমসের নোটিশ বোর্ডে এসংক্রান্ত একটি নোটিশ টাঙানো রয়েছে।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, আজ সংসদে বাজেট অধিবেশন থাকার কারনে প্রতিবারের ন্যায় এবারও গতকাল বিকেল ৫টা থেকে কাস্টমসের সার্ভার বন্ধ রয়েছে। যার কারণে আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট করতে পারছি না, পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে।

এর ফলে আমারসহ অনেক সিএন্ডএফ এজেন্টদের গতকালের বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। আজ বিকেল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে, যার কারনে আজও যেসব পণ্যবাহী ট্রাক ঢুকছে সেগুলোও আটকা পড়ে থাকবে।

তবে বিকেল ৫টার পর সার্ভার চালু হলেও পূর্ণাঙ্গরুপে কার্যক্রম না হওয়ায় পণ্য খালাস করা যাবে না সেক্ষেত্রে শনিবার ছাড়া উপায় নেই।

এদিকে বাজেট পেশের এসময়কালীন বিশেষ ব্যবস্থায় বিশেষ করে পেঁয়াজসহ অন্যান্য কাঁচামাল ছাড়করণ দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। না হলে যে পরিমণন গরম পড়ছে তাতে করে পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। 

স্থানীয় কাস্টমস কতৃপক্ষ জানান, বিকেল ৫টার পর সার্ভার উন্মুক্ত করে দেওয়া হলে আবারও কার্যক্রম শুরু হতে পারে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের অভ্যন্তরে গতকালের পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ৫২ ট্রাক আটকা রয়েছে। তবে আগের আউট পাশকৃত বিলঅবএন্ট্রির বিপরীতে পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত