করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্স মীরা রানী দাস (৫৪) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাঁচপুরের সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া করোনায় গাজীপুরের শ্রীপুরে শামসুল হক (৬৬) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সাজেদা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমীন জানান, গত ৩১ মে করোনা উপসর্গ দেখা দিলে মীরার নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হলে প্রথমে তাকে বাসায় আইসোলেশনে এবং পরে সেখান থেকে ৭ জুন সাজেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়েছে। মীরার লাশ ঢাকার পোস্তগোলায় দাহ করা হবে বলে জানিয়েছেন তার স্বামী সুমন চন্দ্র দাস।
এদিকে শ্রীপুরের মৃত ব্যাংক কর্মকর্তা শামসুল হকের বড় ছেলে জাহিদুল ইসলাম সুমন জানান, তার বাবার করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। পরে তার বাবা ও মা দুজনের করোনা ধরা পড়ে। গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে বুধবার বিকেলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
