করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপকের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ০১:৩৭ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

এর আগে রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৯ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত