চাঁদপুর জেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওযা গেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এদের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় দু'জন, চাঁদপুর সরকারি জেনালে হাসপাতালে তিনজন এবং মতলব উত্তর উপজেলায় এক শিশু মারা যায়।
হাজীগঞ্জ উপজেলায় মৃত ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের আ. মমিন (৫৭) এবং হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাসার (৭৫)।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি অফিসার মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১২টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আ. মমিনকে ভর্তি করানো হয়। রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে শুক্রবার সকাল সোয়া ৯টায় মৃত্যুবরণ করেন আবুল বাসার। এর আগে গত ৫ জুন করোনার উপসর্গ নিয়ে তার ছেলে আব্দুল আউয়াল মৃত্যুবরণ করেন।
অপর দিকে শুক্রবার সকাল ৭টায় মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার কাতারিকান্দি গ্রামের মো. জামান হোসেন (১২) নামের এক শিশু মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের মো. আমির হোসেনের ছেলে। সে গত বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি আসে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথেন জাহান জানান, মৃতের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।
এ দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইশোলেসন ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় আরো তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহাট গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) ও ফরিদগঞ্জ উপজেলার দীভাকর (৭৩) এবং শহরের গুয়াখোলা এলাকার জয়দল হোসেন চোকদার।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দোলা রুবেল জানান, মৃত ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাছাড়া অন্যান্য রোগেও তারা ভুগছিলেন।
মৃত ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে জেলায় নতুন করে আরো ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৬৬।
